কলকাতার পুলিশের হাতে দিল্লির গোয়েন্দা আটকে তোলপাড়

ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা কর্মকর্তাদের আটক করে তোলপাড় সৃষ্টি করেছে কলকাতার পুলিশ। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) রবিবার সন্ধ্যায় কলকাতা পুলিশ কমিশনারকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করতে আসে এ ঘটনা ঘটে।

এনডিটিভি জানায়, চিটফান্ডের তদন্তের জেড়ে পুলিশ কমিশনার রাজীব কুমারকে গত দুইবছর ধরে তলব করছিল সিবিআই। কিন্তু কেন্দ্রের গোয়েন্দা সংস্থার ডাকে একবারেও সাড়া দেননি তিনি।

একাধিকবার সিবিআই’র নোটিস অমান্য করায় রাজীব কুমারকে গ্রেপ্তার করতে পার্ক স্ট্রিটের বাসায় হানা দেয় গোয়েন্দা কর্মকর্তারা।

কিন্তু পুলিশ তাদেরকে বাড়িতে ঢুকতে না দিলে সেখানে উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়। এসময় সিবিআই কর্মকর্তাদের আটক করে পার্ক স্ট্রিট থানায় নিয়ে যায়, এরপর স্থানীয় শেক্সপিয়র থানায় হস্তান্তর করে।

এদিকে পুলিশ কমিশনারের পাশে দাঁড়ান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ঘটনার প্রতিবাদে ধর্মতলা মেট্রো চ্যানেলে অবস্থান ধর্মঘট করেন মমতা।

এ সময় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির জাতীয় সভাপতি অমিত শাহ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে তীব্র আক্রমণ করেন তিনি।

মমতা বলেন, ‘কত বড় সাহস ওদের! ওরা পুলিশ কমিশনারের বাড়িতে গিয়ে হানা দিচ্ছে!’

তিনি বলেন, ‘সিবিআই সিক্রেট অপারেশনে এসেছিল। রাজনৈতিকভাবে লড়াই করতে পারছে না বিজেপি। তাই এই নোংরামো করে বেড়াচ্ছে।’

প্রসঙ্গত, গত ২০১২ সাল থেকে অবৈধভাবে সাধারণ মানুষের কাছ থেকে  প্রায় ৩০০ কোটি রুপি তোলার অভিযোগ ওঠে প্রভাবশালী একটি মহলের মধ্যে। এরসঙ্গে মমতার তৃণমূল কংগ্রেসের কয়েকজনের বিরুদ্ধেও এ কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠে।