সরকারি দুটি গাড়ির একটিও বাসায় নেননি উপমন্ত্রী শামীম

সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার সরকারি গাড়ি ব্যবহার করেন না নতুন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। সরকারিভাবে দুটি গাড়ি পেলেও একটিও বাসায় নেননি তিনি।

রবিবার সচিবালয়ের গণমাধ্যমকেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে উপমন্ত্রী নিজেই এ তথ্য জানান। এদিন ‘বিএসআরএফ সংলাপ’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সেক্রেটারিয়েট সাংবাদিক ফোরাম (বিএসআরএফ)।

এনামুল হক শামীম বলেন, উপমন্ত্রী হিসেবে দুটি গাড়ি পেয়েছি। দুটির কোনোটি বাসায় নিইনি। কর্মদিবসে কেবল পিক অ্যান্ড ড্রপে (কর্মস্থলে আসা-যাওয়া) গাড়ি ব্যবহার করি। শুক্র ও শনিবার ছুটির দিন হওয়ায় সরকারি গাড়ি ব্যবহার করি না।

তার মন্ত্রণালয়ে আসা দলীয় নেতাদের সরকারি খরচে আপ্যায়ন করেন না জানিয়ে তিনি বলেন, আমি যেহেতু দলের সাংগঠনিক সম্পাদক সেহেতু মন্ত্রণালয়ে দলের অনেকেই আসেন। সরকারি খরচে দলের লোকজনের আপ্যায়ন করা ঠিক হবে না। তাই মন্ত্রণালয়ে দলের কাউকে চা পান করানোর ব্যবস্থা হবে না। আমি নিজে সেটা ব্যবস্থা করব।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে উপমন্ত্রী শামীম বলেন, আমি আপনাদের সঙ্গে আছি। আমি আপনাদের ভাই-বন্ধু। যে কোনো বিষয় আমার সঙ্গে শেয়ার করবেন এবং বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করবেন।

এক প্রশ্নের জবাবে শামীম বলেন, দুর্নীতি যে পর্যায়েই হোক না কেন এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। আমরা আগে রোগ নির্ণয়ের চেষ্টা করছি। দুর্নীতি বন্ধের জন্য কী কী পদক্ষেপ নেওয়া যায় তা নেওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রীর চা-চক্রে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের না যাওয়া প্রসঙ্গে অন্য এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলেন, অসৌজন্যমূলক আচরণ করা বিএনপির একটি স্বভাব। প্রধানমন্ত্রীর চা-চক্রে অংশ না নেওয়াও অসৌজন্যমূলক।

নতুন হিসেবে সবার সহযোগিতা চেয়ে উপমন্ত্রী বলেন, ছোটবেলা থেকেই রাজপথের রাজনীতি করে আসছি। কিন্তু সচিবালয়ে আমি নতুন। ৭ জানুয়ারি শপথ নিয়েছি, ৮ তারিখে মন্ত্রণালয়ে এসেছি। আপনাদের সবার সহযোগিতা চাই।