সুরকার আলাউদ্দীন আলীকে দেখতে গেলেন মির্জা ফখরুল

হাসপাতালে চিকিৎসাধীন সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দীন আলীকে দেখতে গিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার দুপুরে অসুস্থ আলাউদ্দীন আলীকে দেখতে মহাখালীর একটি বেসরকারি হাসপাতালে যান বিএনপি মহাসচিব। তিনি সেখানে বরেণ্য এ সুরকারের চিকিৎসার খোঁজখবর নেন। আলাউদ্দীন আলীর স্ত্রী ও মেয়ের সঙ্গেও কথা বলেন। আলাউদ্দীন আলীর মেয়ে সংগীতশিল্পী আলিফ আলাউদ্দীন সবার কাছে তার বাবার জন্য দোয়া চেয়েছেন।

এ সময় বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন সুরকার মনিরুজ্জামান মনির, কণ্ঠশিল্পী মনির খান, চিত্রনায়ক হেলাল খান ও জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন।

আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সংগীত পরিচালক আলাউদ্দীন আলীর জন্ম ১৯৫২ সালের ২৪ ডিসেম্বর মুন্সিগঞ্জে। সুরকার হিসেবে ৪৪ বছরে তিন শতাধিক চলচ্চিত্রের গানে সুর দিয়েছেন তিনি। তার ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ’ গানটি বিএনপির দলীয় সংগীত হিসেবে নির্বাচিত করেছিলেন দলটির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান।