সালার বিধ্বস্ত প্লেনে মিলল মৃতদেহ

আর্জেন্টাইন ফুটবলার এমিলিয়ানো সালাকে বহনকারী বিমানের ধ্বংসাবশেষের সন্ধান মিলেছিল রোববার রাতে। এবার জানা গেল বিধ্বস্ত সেই বিমানে একটি মৃত দেহের সন্ধানও মিলেছে। ইংলিশ চ্যানেল থেকে হারিয়ে যাওয়ার দুই সপ্তাহ পর প্লেন ও মৃতদেহের সন্ধান মিলল। এয়ার অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্র্যাঞ্চ (এএআইবি) সোমবার এই তথ্য জানায়।

বিধ্বস্ত বিমানে সালা ছাড়াও ছিলেন বিমানটির পাইলট। দুজনের যে কোনো একজনের হবে মৃতদেহটি। নির্দিষ্ট করে কিছু অবশ্য জানানো হয়নি এখনো।

পাইপার পিএ-৪৬ মালিবু জেটে ২১ জানুয়ারি ফ্রান্স থেকে ওয়েলসের পথে যাত্রা করেছিলেন সালা। ২৮ বছর বয়সী এই ফুটবলার নতুন ক্লাব কার্ডিফ সিটিতে যোগ দিতে যাচ্ছিলেন। ফ্রান্সের নঁতে থেকে রেকর্ড দামে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটির সঙ্গে চুক্তি করেছিল সে।

কিন্তু যাত্রা শুরুর কয়েক ঘণ্টা পর প্লেনটি সিগনালের বাইরে চলে যায়। প্লেনটি নিখোঁজ হওয়ার পর প্রাথমিকভাবে তিন দিন ধরে উদ্ধার অভিযান চালানো হয়। পরে কোনো কিছুর সন্ধান না পাওয়ায় উদ্ধার অভিযান সমাপ্ত করা।

এরপর ফুটবলারদের অনুদানে একটি তহবিল সংগ্রহ করা হয়। সেই তহবিলের অর্থ দিয়েই ফের উদ্ধার অভিযান শুরু করা হয়েছিল।