সরকারি চিকিৎসকদের বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও চেম্বারে প্রাইভেট প্র্যাকটিস বন্ধে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ানসহ পাঁচ আইনজীবী। আবেদনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতিকে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে সরকারি চিকিৎসকদের সম্পূর্ণভাবে প্রাইভেট প্র্যাকটিস বন্ধের নির্দেশনা চেয়ে রুল জারির আবেদন জানানো হয়। এ ছাড়া সরকারি হাসপাতালের সব কার্যক্রম তদারকির নির্দেশনা চাওয়া হয়।
এ ছাড়া আবেদনে সরকারি ও বেসরকারি হাসপাতালের অনিয়ম বন্ধে ভ্রাম্যমাণ আদালতের পরিচালনার নির্দেশনা চাওয়া হয়েছে রিট আবেদনে। এ ছাড়া অভিজ্ঞ ও বিশেষজ্ঞদের দিয়ে সরকারি চিকিৎসকদের প্র্যাকটিসের বিষয়ে পূর্ণাঙ্গ নীতিমালা গঠনে স্বাধীন কমিশন গঠনেরও আরজি জানানো হয়।
আইনজীবী সূত্রে জানা গেছে, গত ২৭ জানুয়ারি দুপুরে লক্ষ্মীপুরে বাবুল হোসেন নামে এক ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হলে তাকে লক্ষ্মীপুর সদর সরকারি হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখানে কোনো চিকিৎসক পাওয়া যায়নি। সেখানকার কার্ডিওলজি চিকিৎসক তার ব্যক্তিগত চেম্বারে রোগী দেখায় ব্যস্ত ছিলেন। একপর্যায়ে রোগী মারা যান। এ ঘটনার পর সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধে সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠান আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান। নোটিশের জবাব না পেয়ে এ রিট আবেদনটি করা হয়।
ওই নোটিশে বলা হয়েছিল, সরকারি চিকিৎসকদের থেকে চিকিৎসা পাওয়া নাগরিকের সাংবিধানিক অধিকার।