ডোনারকে আহ্বায়ক করে ড্যাবের নতুন কমিটি গঠন

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কমিটি ভেঙে দিয়ে নতুন আহ্বায়ক কমিটি গঠন করেছে বিএনপি। যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ড্যাবের সহ সভাপতি ডা. ফরহাদ হালিম ডোনারকে আহ্বায়ক করে নতুন এই কমিটির অনুমোদন দিয়েছেন। গত রোববার রাতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। গতকাল দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন নতুন কমিটির আহ্বায়ক ডোনার।

তিনি বলেন, তাকে আগামী তিন মাসের মধ্যে কাউন্সিলের মাধ্যমে ড্যাবের সকল ইউনিটের কমিটি গঠন করে ড্যাবের কেন্দ্রীয় কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে গত রোববার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ড্যাবের পুরনো কমিটি বিলুপ্ত করে দিয়ে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। অধ্যাপক ফরহাদ হালিম ডোনারের নেতৃত্বে ১৬১ সদস্যের আহ্বায়ক কমিটির সদস্য সচিব হলেন ডা. ওবায়দুল কবির খান, কোষাধ্যক্ষ ডা. মহিউদ্দিন ভূঁইয়া মাসুম। আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে কেন্দ্রীয় সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করতে বলা হয়েছে।

বিলুপ্ত কমিটির সভাপতি ছিলেন অধ্যাপক এ কে এম আজিজুল হক ও মহাসচিব ছিলেন অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। তারা দীর্ঘ ১৮ বছর ধরে বিএনপির এই সহযোগী সংগঠনটিতে নেতৃত্ব দিয়ে আসছিলেন।