সেনাপ্রধানের আত্মীয় পরিচয়ে প্রতারণায় আটক ৪

রাজধানীতে সেনাবাহিনীপ্রধান ও বাহিনীটির ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তার আত্মীয় পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত রবিবার রাজধানীর মোহাম্মদপুর ও হাজারীবাগে আলাদা আলাদা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলো সীমা ইসলাম (৪০), আতাউর রহমান (৬২), মঞ্জুরুল আলম (৪৮) ও মামুনুর রহমান (৩৯)।

র‌্যাব-২-এর কর্মকর্তা মহিউদ্দিন ফারুকি দেশ রূপান্তরকে বলেন, ‘মোহাম্মদপুর নূরজাহান রোড থেকে আটক করা হয় সীমা ইসলামকে। সে বিভিন্ন লোকের কাছ থেকে সেনাবাহিনীপ্রধানের আত্মীয় পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে টাকা আদায় করত। সর্বশেষ একজন কর্নেলের কাছ থেকে ১ লাখ ৭০ হাজার টাকা নেয় সে।’

অন্যদিকে হাজারীবাগের গণকটুলি লেন থেকে তিন প্রতারককে আটক করেছে র‌্যাব-২-এর অন্য একটি দল। মেজর রুহুল আমিন জানান, এদের মধ্যে বিজিবির অবসরপ্রাপ্ত সুবেদার আতাউর রহমান নিজেকে মেজর ও সেনাপ্রধানের আত্মীয় পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল। বিশেষ করে সেনাবাহিনী ও বিজিবিতে চাকরি দেওয়ার কথা বলে টাকা নিত সে। আর এ কাজে তাকে সহায়তা করত মঞ্জুরুল আলম ও মামুনুর রহমান।