বলিউডের তিন খান সাধারণত বছরের একটি করে সিনেমা উপহার দেন। অন্যদিকে একই সময়ের ৩-৪টি হিট ছবি করেন অক্ষয় কুমার। এ নায়ক সালমানের সঙ্গে জোড় বেঁধে কয়েকবার অভিনয় করেছেন। কিন্তু শাহরুখের সঙ্গে দু-একটি ছবিতে মাত্র কয়েক মিনিটের জন্য দেখা গেছে।
শাহরুখকে সম্প্রতি প্রশ্ন করা হয়- অক্ষয়ের সঙ্গে অভিনয় করবেন কিনা। বলিউডের কিং খান জবাব দিতে দেরি করেননি। জানান, তার ইচ্ছা আছে। পাশাপাশি প্রশংসা করেন ‘খিলাড়ি’ তারকার সময়ানুবর্তিতার।
অক্ষয়ের মতো খুব ভোরে উঠতে পারেন না বলে জানান শাহরুখ। তিনি যখন ঘুমাতে যান অক্ষয় তখন জেগে ওঠেন।
শাহরুখ বলেন, অক্ষয়ের দিন তাড়াতাড়ি শুরু হয়। তিনি সময় মতোই কাজ শুরু করেন। আবার ঘড়ি কাঁটা মেনে বাসায় ফেরেন। এ কারণে অক্ষয়ের হাতে অনেক সময় থাকে। অনেকগুলো ছবি করতে পারেন।
আরও বলেন, তিনি নিশাচর। রাতে শুটিং করতে পছন্দ করেন। যা অনেকেই পছন্দ করেন না।
শাহরুখ বলেন, তিনি অক্ষয়ের সঙ্গে সিনেমা করতে চান। তিনি তাদের শিডিউল মেলে না।
বর্তমানে কারিনা কাপুর খানের সঙ্গে ‘গুড নিউজ’ সিনেমার শুটিং করছেন অক্ষয় কুমার। মুক্তির অপেক্ষায় আছে ‘হাউসফুল ফোর’। এ ছাড়া হাতে আছে মিশন মঙ্গল, কেশরিসহ কয়েকটি ছবি।
অন্যদিকে ‘জিরো’ ফ্লপ হওয়ার পর নতুন কোনো সিনেমার ঘোষণা দেননি শাহরুখ। নভোচারী রাকেশ শর্মা বায়োপিক করার কথা থাকলেও ছেড়ে দিয়েছেন। শোনা যাচ্ছে, ‘ডন’ সিক্যুয়াল নিয়ে আবার বড় পর্দায় ফিরবেন তিনি।