গিনিতে স্বর্ণখনি ধসে নিহত ১৭

আফ্রিকার দেশ গিনির উত্তর-পূর্বাঞ্চলের একটি স্বর্ণখনিতে গত রবিবারের ধসে কমপক্ষে ১৭ জন নিহত ও কয়েকজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে ফ্রান্স টোয়েন্টিফোর। ভূমিধসের শিকার খনিটির অবস্থান সিগুইরি শহর থেকে ৩৫ কিলোমিটার দূরের নরাসোবা এলাকায়।

পুলিশ কর্মকর্তা লেফটেন্যান্ট মার্কাস বাঙ্গৌরা বলেন, ‘গ্রামবাসী বলছেন এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। ফলে নিহতদের প্রকৃত সংখ্যা এখনই নিশ্চিত করা সম্ভব নয়।’ এ ছাড়া স্থানীয় এক কর্মকর্তা জানান, হঠাৎ করেই খনিতে ধসের সৃষ্টি হয়। শ্রমিকরা কয়েক বছর ধরে খনির যে অঞ্চলে কাজ করছিল সেখানে কোনো বিপদের সম্ভাবনা ছিল না। পশ্চিম আফ্রিকার এ দেশটিতে স্বর্ণ, হীরা, বক্সাইট এবং লৌহসম্পদের বিশাল ভাণ্ডার রয়েছে। তবে বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ থাকলেও সেসব যথার্থভাবে কাজে লাগাতে না পারায় এর সুফল সাধারণ মানুষের নাগালের বাইরেই থেকে গেছে।