জাতীয় সংসদ, উপজেলা পরিষদসহ সব নির্বাচনের জন্য নির্বাচন কমিশনে প্রার্থীদের দেওয়া হলফনামার সব তথ্য লিফলেট আকারে ছাপিয়ে ভোটারদের মধ্যে বিতরণ ও গণমাধ্যমে তা প্রচারের ব্যবস্থা গ্রহণ করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্টের একটি বেঞ্চ। পাশাপাশি ওইসব লিফলেট বিতরণ ও প্রচারের বিষয়ে একটি সুনির্দিষ্ট নীতিমালা তৈরিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। চার সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন ও কমিশন সচিবকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চ এ রুল জারি করে। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী হুমায়ুন কবির পল্লব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। গত বছরের ১৮ ডিসেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি করা হয়।
এতে বলা হয়, একটি গুণগত ও সঠিক নির্বাচনের মাধ্যমে এবং যোগ্য জনপ্রতিনিধি নির্বাচনের জন্য সব প্রার্থীর ব্যক্তিগত তথ্য ভোটারদের অবগত করা প্রয়োজন। তা না হলে যোগ্য প্রার্থীদের সংসদ সদস্য হিসেবে নির্বাচন যথাযথ হয় না।