গির্জায় যাজক ও বিশপদের হাতে নানদের যৌন নিপীড়নের ঘটনাকে এ প্রথমবারের মতো ‘সমস্যা’ হিসেবে চিহ্নিত করলেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। তিনি বলেন, ‘আমাদের সকলকে এ নিয়ে কাজ করতে হবে।’
সিএনএন জানায়, আরব আমিরাতে সফর শেষে রোমে উড়ে যাওয়ার আগে ব্যক্তিগত বিমানে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে তার উদ্বেগের কথা জানান।
সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের বিভিন্ন দেশের ক্যাথলিক গির্জাগুলোতে যৌন নিপীড়ন নিয়ে একাধিকবার মত ব্যক্ত করলেও এটিকে এ প্রথম তিনি সমস্যা আকারে দেখলেন।
তিনি বলেন, ‘যাজক ও বিশপরা এসব ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। আমি বিশ্বাস করি, এখনো গির্জায় যৌন নিপীড়নের ঘটনা ঘটছে। বিষয়টি এমন নয় যে, আপনি ভাবছেন যে, এটি শেষ হয়ে গেছে। এসব ঘটনা চলতেই থাকে। দীর্ঘ সময় ধরে এ নিয়ে আমাদের কাজ করতে হবে।’
তিনি বলেন, ‘যৌন কেলেঙ্কারির সঙ্গে অভিযুক্ত কিছু পাদ্রীকে বরখাস্ত করেছে ভ্যাটিকান। এছাড়া এসব ঘটনা থেকে রেহাই দিতে নানদের ওপর অর্পিত কঠোর কিছু নির্দেশনা বাতিল করা হয়েছে।’
পোপ জানান, এর বাইরেও আরও কিছু করা প্রয়োজন আছে এবং সে ব্যাপারে তিনি উদ্যোগী হবেন।
এ ব্যাপারে ফ্রান্সের একটি ঘটনার কথা উল্লেখ করে পোপ। যেখানে তার পূর্ববর্তী পোপ বেনেডিক্ট ষষ্ঠদশ এ বিষয়ে পদক্ষেপ নিতে চেয়েও পারেননি। ভ্যাটিকানের অভ্যন্তর থেকে তিনি বাধাপ্রাপ্ত হয়েছিলেন।
তিনি জানান, যাজক ও বিশপদের বানানো নানদের প্রতি এসব কঠোর বিধিনিষেধে অনিয়ম করার সুযোগ থাকে। এসবের মাধ্যমে নানদের ওপরে যৌন দাসত্ব করার সুযোগ পায় যাজক ও বিশপরা।
এদিকে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় যাজকদের বিরুদ্ধে নানদের ওপর যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। নানরা জানান, এ বিষয়ে মুখ খুললে তাদেরকে দেশের অন্যপ্রান্তের গির্জায় পাঠিয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়ে যাজকরা তাদের চুপ থাকতে বলেন।