বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করেছিলেন, কিন্তু পরে বেঁকে বসেন প্রেমিকা। তাই প্রতারণার অভিযোগ করলেন প্রেমিক। পশ্চিমবঙ্গের আলীপুর আদালতে বুধবার এ নিয়ে মামলা করেন এক তরুণ চলচ্চিত্র নির্মাতা।
আনন্দবাজার পত্রিকা জানায়, ওই তরুণী বেশ কয়েকটি বাংলা টেলিফিল্মে অভিনয়ও করেছেন।
তরুণের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা বলেন, “একজন নারী যদি কোনো ছেলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কের পর প্রতারণার অভিযোগ করতে পারেন, একজন পুরুষ কেন পারবেন না? আমরা আদালতের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছি। প্রতারণার মামলা গৃহীত হয়েছে।”
পেশায় সফট ওয়ার ইঞ্জিনিয়ার ওই তরুণ একটি বেসরকারি সংস্থার কর্মকর্তা। চাকরির পাশাপাশি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণ করেন। দেশ-বিদেশে পুরস্কারও জিতেছেন।
তার দাবি, ছবি বানানোর সূত্রেই ওই অভিনেত্রীর সঙ্গে বছর ছয়েক আগে তার পরিচয় হয়। তারা দুজনেই বিবাহিত। কর্মসূত্রে একসঙ্গে বহুবার কলকাতার বাইরে গেছেন। তরুণের অভিযোগ, দুজনের মধ্যে যে শারীরিক সম্পর্ক হয়েছে, তা দুই পরিবারের সদস্যরাও জানতেন।
দুজনে বিবাহবিচ্ছেদের পর নতুন করে সংসার পাতবেন বলে ঠিক করেন। সেই অনুযায়ী তরুণের বিবাহবিচ্ছেদ হয় ২০১৬ সালে। এর পর থেকেই ধীরে ধীরে সম্পর্কের অবনতি হতে শুরু করে। ওই তরুণীর বিরুদ্ধে টাকা আত্মসাৎসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নেওয়ার অভিযোগও তোলেন তিনি। এরপরই প্রতারণার অভিযোগ করেন আদালতে।