ঐক্যফ্রন্টে প্রচণ্ড মতদ্বৈততা চলছে: হাছান মাহমুদ

সরকারবিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্টে প্রচণ্ড মতদ্বৈততা চলছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।

গত বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ঐক্যফ্রন্টের কালো ব্যাজ ধারণ কর্মসূচিতে বিএনপি ও ঐক্যফ্রন্টের অনেক নেতা উপস্থিত ছিলেন না দাবি করে তিনি বলেন, ‘এতে প্রতীয়মান হয় যে ঐক্যফ্রন্টের মধ্যে প্রচণ্ড মতদ্বৈততা চলছে। এবং তারা যে বক্তব্যগুলো রেখেছেন সেগুলো হাস্যকর।’

বৃহস্পতিবার বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন।

বিএনপির বর্তমান নেতৃত্ব নিয়ে সন্দেহ পোষণ করে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির বর্তমান নেতৃত্ব কী আসলে দলটিকে গণমানুষের কাছাকাছি নিয়ে যেতে চায়, না জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করতে চায় আমার প্রশ্ন জাগে। বিএনপির ভেতরেই কোথাও ষড়যন্ত্র হচ্ছে বলে আমার মনে হয়।’

তিনি বলেন, আমরা চাই বিএনপি একটি শক্তিশালী দল হিসেবে টিকে থাকুক। কিন্তু গত ২০১৪ সালের নির্বাচনে অংশ না নেয়া, এবারের নির্বাচনে নির্বাচিতরা শপথ না নেয়া এবং উপজেলা নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্তে দলটি ক্ষয়প্রাপ্ত হচ্ছে। এগুলো বিএনপির আত্মহননের মতো সিদ্ধান্ত।

‘সুবিধা আদায়ে বিদেশি চক্রগুলো আওয়ামী লীগ সরকারকে সমর্থন দিচ্ছে’ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদের এমন বক্তব্যের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, এই সরকারকে সমর্থন না দিতে বিদেশিদের দুয়ারে দুয়ারে গিয়ে বিএনপি ধরনা দিয়েছে। তাদের সেই চেষ্টা ব্যর্থ হওয়ার পর এখন হতাশা প্রসূত তারা অনেক কথাই বলছেন। রিজভী আহমেদের বক্তব্যগুলো সেরকমই।’

গত নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর বিএনপি নেতৃবৃন্দ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছেন। এ জন্য তারা অসংলগ্ন কথা বলা শুরু করেছেন বলেও এ সময় মন্তব্য করেন মন্ত্রী। এ দিন গণযোগাযোগ অধিদপ্তরের আয়োজনে ৬৪ জেলার তথ্য কর্মকর্তাকে নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন মন্ত্রী।

এ সময় তিনি বলেন, বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা যেভাবে আছে অন্য দেশে সেভাবে নাই। তিনি তথ্য কর্মকর্তাদের তাদের দায়িত্ববোধের জায়গা থেকে কাজ করার আহ্বান জানান।

কর্মশালা উদ্বোধনকালে সেখানে তথ্য সচিব আব্দুল মালেক, গণযোগাযোগ অধিদপ্তরের মহপরিচালক মো. জাকির হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।