প্রশ্নপত্র ফাঁস বন্ধে সবাইকে সজাগ থাকতে হবে- শিক্ষা উপমন্ত্রী

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, চলতি এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র এখনো ফাঁস হয়নি। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত যেন ফাঁস হতে না পারে সে ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে।

বৃহস্পতিবার  সকালে কক্সবাজারে সরকারি উচ্চবিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষা উপমন্ত্রী বলেন এসএসসি প্রশ্নপত্র ফাঁস না হলেও কিছু ত্রুটি বিচ্যুতি আছে। তবে তার জন্য পরীক্ষার্থীদের যেন কোনো অসুবিধা না হয় সে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ত্রুটি বিচ্যুতির জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

এরপর মন্ত্রী কক্সবাজার শহরের একটি হোটেলে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে তিন দিনব্যাপী ‘তড়িৎ কম্পিউটার কৌশল ও যোগাযোগ-প্রযুক্তি বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন’ প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন।

এ সময় উপমন্ত্রী মুহিবুল হাসান বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবস্থাপনা এবং আধুনিক জ্ঞান নির্ভর অর্থনীতিতে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে; তা যদি শক্তিশালীভাবে এগিয়ে নেওয়া যায় তাহলে আমরা বড়বড় বিজ্ঞান প্রতিষ্ঠানে নেতৃত্ব দিতে পারব। এ জন্য আমাদের মৌলিক গবেষণার ক্ষেত্রে সুনাম অর্জন করতে হবে।

চুয়েটের তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন ড. কৌশিক দেবের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল আলম সহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। সম্মেলন চলবে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।