সুরেশ্বর দরবার শরিফে দুই দলের সংঘর্ষে আহত ৩৫

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের সুরেশ্বর  দরবার শরিফে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই  দলের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে পুলিশসহ দুই গ্রুপের অন্তত ৩৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ সংঘর্ষ চলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার সুরেশ্বর দরবার শরিফের বর্তমান গদীনশীল সৈয়দ শাহ নুরে কামালের সঙ্গে  সৈয়দ শাহ নুরে আক্তার হোসেন চুন্নুর দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

বৃহস্পতিবার দুপুরে জমির দখল বুঝিয়ে দেওয়ার জন্য শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালত থেকে পুলিশের একটি দল নিয়ে জারিকারক শুরেশ্বর দরবার শরিফে যায়। তখন চুন্নু গ্রুপের লোকজন কামাল নুরীর আস্তানার সামনের পাকা সড়ক শাবল দিয়ে উঠাতে থাকে। কামাল নুরীর লোকজন বাঁধা দিলে দু’গ্রুপের লোকজনদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে দুই গ্রুপের সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে পুলিশ এবং জেলা ও দায়রা জজ আদালতের কর্মরত জারি কারকসহ অন্তত ৩৫জন আহত হয়।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৪ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে। বুলেটে ৮ জন আহত হয়। আহতদের বিভিন্ন ক্লিনিক, নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নড়িয়া থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মঞ্জুরুল হক আকন্দ বলেন, শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালত থেকে শুরেশ্বর দরবারের কামাল ও চুন্নুর জমির দখল বুঝিয়ে দেওয়ার জন্য গেলে দু’গ্রুপের দফায় দফায় সংঘর্ষ বাঁধে। পুলিশ নিয়ন্ত্রণ আনতে ২৪ রাউন্ড রাবার গুলি ছোড়ে। সংঘর্ষে আদালতের জারিকারক ও পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি।