স্কুলের দুই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে রংপুর মহানগরীর এক কিন্ডারগার্ডেন শিক্ষককে আটক করেছে থানা-পুলিশ। আটক শিক্ষকের নাম জহুরুল ইসলাম (৩৮)।
নির্যাতনের শিকার ছাত্রীর অভিভাবক ও স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার নগরীর জলকর এলাকায় ঊষা কিন্ডারগার্ডেনের প্রধান শিক্ষক জহুরুল কে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
স্থানীয়রা জানান, উক্ত শিক্ষক অনেক দিন ধরে ছাত্রীদের যৌন হয়রানি করে আসছিল। যৌন হয়রানির শিকার ৫ম শ্রেণির দুই ছাত্রী বিষয়টি তাদের অভিভাবককে জানালে এলাকাবাসী উত্তেজিত হয়ে জহুরুলকে অবরুদ্ধ করে রাখে।
খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার এস আই জাহাঙ্গীর ঘটনাস্থলে গিয়ে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।