এমন উষ্ণতা ১৩৯ বছরে দেখেনি পৃথিবী

গত পাঁচ বছরে পৃথিবীর আবহাওয়া যতটা উষ্ণ ছিল তা ১৩৯ বছরের ইতিহাসে বিরল ঘটনা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) এমন খবর দিয়েছে।

এই সংস্থাটি শতাধিক বছর ধরে বৈশ্বিক তাপমাত্রা পর্যবেক্ষণ করছে। তারা দেখেছে, ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত আবহাওয়া যতটা উত্তপ্ত ছিল, তেমনটি আগে কখনোই ছিল না।

এনওএএ তাদের প্রতিবেদনে জানিয়েছে, তাপমাত্রার এমন বৃদ্ধি প্রাণীকুলের জন্য বড় হুমকি। জীবাশ্ম জ্বালানির ব্যবহার বৃদ্ধির কারণে বায়ুমণ্ডলে বেশি বেশি গ্রিনহাউস গ্যাস ছড়াচ্ছে। এ কারণে তাপমাত্রা বৃদ্ধির প্রভাবে মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ধীরে ধীরে বাড়ছে। ফলে আবহাওয়া বিরূপ আচরণ করছে।

আবহাওয়া কীভাবে পাল্টে গেছে তা বোঝা যায় যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার দিকে তাকালে। যুক্তরাষ্ট্রে এখন সর্বকালের ভয়াবহ শৈত্যপ্রবাহ চলছে। অন্যদিকে অস্ট্রেলিয়ায় দেশটির ইতিহাসে সবচেয়ে বেশি গরম আবহাওয়া বিরাজ করছে!

গত পাঁচ বছরে প্রায় ১৪টি বড় প্রাকৃতিক দুর্যোগ দেখেছে বিশ্ব। তাতে শতশত মানুষ নিহত হওয়ার পাশাপাশি ক্ষতি হয়েছে কোটি কোটি টাকা।