বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘নিম্ন আদালত তো পুরোপুরি প্রশাসনের নিয়ন্ত্রণে চলে গেছে। আর সুপ্রিম কোর্টের কোনো এখতিয়ার নেই বললেই চলে। এজন্য কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন না।’
বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মওদুদ আহমদ বলেন, ‘বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রীকে একটি ছোট্ট, ভিত্তিহীন কারণে সাজা দেওয়া হয়েছে। এই মামলায় সাত দিনের বেশি জেলে থাকার কথা নয়। অথচ হাইকোর্টের জামিনের পরও তাকে দুই মাস জেলখানায় থাকতে হলো। তাকে এরপর ছোট ছোট মামলায় গ্রেপ্তার দেখানো হয়। কুমিল্লা, নড়াইল আর ঢাকার তিনটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর চলে গেল নিম্ন আদালতে। নিম্ন আদালত সরকারের নিয়ন্ত্রণে।’
তিনি বলেন, দলের দুঃসময়ে যারা ক্তিষগ্রস্ত হয়েছেন, তাদের ও তরুণদের নেতৃত্বে নিয়ে আসতে হবে। এটি করতে পারলে সম্ভব খালেদার মুক্তি। কারণ সরকার যে শূন্যতা সৃষ্টি করেছে, তা আর তখন থাকবে না।
সভায় জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী বলেন, ‘আন্দোলন-সংগ্রাম ছাড়া কোনো মুক্তি নাই, খালেদা জিয়ার মুক্তি নাই, ১৬ কোটি মানুষের মুক্তি নাই। এ লক্ষ্যে প্রতিদিন আন্দোলন হবে, প্রতি সপ্তাহে আন্দোলন হবে। আর সেই আন্দোলন করেই আমাদের বিজয় ছিনিয়ে আনতে হবে।’
সভাপতির বক্তব্যে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ও জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের আহ্বায়ক জয়নুল আবেদীন বলেন, বিএনপি শক্তিশালী না হলে আইনজীবী সংগঠনও শক্তিশালী হয় না।
জয়নুল আবেদীনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ব্যারিস্টার আমিনুল হক, মাহবুবউদ্দিন খোকন, জগলুল হায়দার আফ্রিক, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, আজাদ মাহবুব, শাহ আহমেদ বাদল, অলিউর রহমান খান, খোরশেদ মিয়া আলম, মনির হোসেন, সাইদুর রহমান প্রমুখ