সংসদে পরিবেশমন্ত্রী

৭১ ভাগ ইটভাটা উন্নত প্রযুক্তিতে রূপান্তর করা হয়েছে

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন জানিয়েছেন, দেশের ৭১ দশমিক ৬৪ ভাগ ইটভাটাকে উন্নত প্রযুক্তিতে রূপান্তর করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে এ তথ্য জানান তিনি। মন্ত্রী আরও জানান, সবুজ বেষ্টনী সৃষ্টির মাধ্যমে সমুদ্র উপকূল রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং কার্বন নিঃসরণের ক্ষতিকর প্রভাব কমানোর লক্ষ্যে ১৪৩ মিলিয়ন বৃক্ষ রোপণ এবং ৫ হাজার ১২১ হেক্টর বনভূমি বনায়নের আওতায় আনা হয়েছে। জ্বালানি কাঠের ব্যবহার কমাতে ১২ হাজার ৮১৩টি বায়োগ্যাস প্লান্ট স্থাপন এবং ৯ লাখ ২৮ হাজার উন্নত চুলা বিতরণ করা হয়েছে। সরকারি দলের সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব উন্নত প্রযুক্তির ইটভাটায় বায়ুদূষণসহ অন্যান্য পরিবেশদূষণ তুলনামূলক কম হবে। আইন অনুযায়ী ইটভাটা স্থাপন ও পরিচালনার ক্ষেত্রে উন্নত প্রযুক্তি সম্পন্ন, জ্বালানি সাশ্রয়ী এবং গ্রহণযোগ্য মাত্রায় বায়ুদূষণ হয় এমন পদ্ধতির ইটভাটা স্থাপনের বিধান করা হয়েছে।