দ্য ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস তথা বাফটা অ্যাওয়ার্ড থেকে সরিয়ে নেওয়া হয়েছে আলোচিত নির্মাতা ব্রায়ান সিঙ্গারের ‘বোহিমিয়ান র্যাপসডি’। প্রধান প্রধান চলচ্চিত্র উৎসবে স্থান পাওয়া ছবিটি এবারের বাফটায় সাতটি বিভাগে মনোনয়ন পায়।
এ পুরস্কারের আসর বসবে রবিবার। কিন্তু তার আগে আনুষ্ঠানিকভাবে ‘বোহিমিয়ান র্যাপসডি’র জন্য ব্রায়ানের নাম প্রত্যাহার করা হয়। কম বয়সী বালককে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
এক বিবৃতিতে বাফটা কর্তৃপক্ষ জানায়, সম্প্রতি ওঠা মারাত্মক অভিযোগের পরিপ্রেক্ষিতে বাফটা ব্রায়ান সিঙ্গারকে জানাচ্ছে, ‘বোহিমিয়ান র্যাপসডি’র জন্য তার মনোনয়ন স্থগিত করা হলো। বাফটা অভিযোগ ওঠা আচরণকে একেবারেই অগ্রহণযোগ্য এবং তার মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করে।
২৩ জানুয়ারি দ্য আটলান্টিকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, পাঁচজন পুরুষ ব্রায়ানের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ এনেছেন। অভিযোগ, তারা যখন অপ্রাপ্তবয়স্ক ছিলেন, তখন এ নির্মাতার হাতে নিগ্রহের শিকার হন।
হলিউডের এ নির্মাতার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ নতুন নয়। ১৯৯৭ সালে অপ্রাপ্তবয়স্কদের নগ্ন অবস্থায় গোসলের দৃশ্য অনুমতি না নিয়ে ভিডিও করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়।