নগ্ন ছবি ফাঁসের ‘হুমকি পাচ্ছেন’ বিশ্বসেরা ধনী বেজোস

বিশ্বের শীর্ষ ধনী ও আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ভিত্তিক ট্যাবলয়েড ন্যাশনাল এনকোয়ারার তার নগ্ন ছবি ফাঁস করার হুমকি দিচ্ছে।

ন্যাশনাল এনকোয়ারার গত জানুয়ারিতে বোজেসের ব্যক্তিগত মেসেজ ফাঁস করে। সেখান থেকে জানা যায়, বন্ধুর স্ত্রীর সঙ্গে প্রেমের কারণে বেজোস তার স্ত্রী মেকানজিকে ডিভোর্স দিচ্ছেন। ওই প্রতিবেদনে দাবি করা হয়, লরেন সানচেজ নামের এক টিভি উপস্থাপিকা এবং পাইলটের সঙ্গে প্রেম করছেন ৫৪ বছর বয়সী বেজোস।

সানচেজকে দেয়া সেই মেসেজে তিনি লেখেন, ‘আমি তোমার ঘ্রাণ নিতে চাই, চাই তোমাতে নিশ্বাস নিতে। তোমাকে শক্ত করে ধরতে চাই…চাই তোমার ঠোঁট স্পর্শ করতে..তোমায় ভালোবাসি। তোমার প্রেমে পড়ে গেছি।’

কীভাবে নিজের মেসেজ ন্যাশনাল এনকোয়ারারের হাতে গেল তা খতিয়ে দেখতে বেজোস নিজের উদ্যোগে তদন্ত করছেন। বেজোসের দাবি, এই তদন্ত বন্ধ করতে তাকে হুমকি দিচ্ছে ট্যাবলয়েডটি।

ফোর্বসের তালিকা অনুযায়ী, তিন দশক ধরে আমেরিকার শীর্ষ ধনীদের মধ্যে জেফ সবার আগে দেড়শ বিলিয়ন ডলারের মালিক হতে যাচ্ছেন। বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স সাইট ‘আমাজন’র ১৬ শতাংশ মালিকানা তার। ১৯৯৪ সালে সিয়াটলের একটি গ্যারেজে ‘আমাজন’র কাজ শুরু করেছিলেন তিনি।

সম্প্রতি শিরোনাম হন ডিভোর্সকে কেন্দ্র করে। গত সেপ্টেম্বরেও স্ত্রী মেকানজির সঙ্গে সব ঠিকঠাক ছিল বেজোসের। দুজনে মিয়ামির একটি নাইট ক্লাবে ২৫তম বিবাহবার্ষিকী উদযাপন করেন।

হঠাৎ করে বেজোস জানান স্ত্রীর সঙ্গে আর সম্পর্ক রাখছেন না। তার ঔপন্যাসিক স্ত্রীও ঘটনার সত্যতা নিশ্চিত করে বিবৃতি দেন।