খালেদার মুক্তি দাবিতে নগর বিএনপির সমাবেশ আজ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ শনিবার বিকেলে সমাবেশ করবে চট্টগ্রাম মহানগর বিএনপি। বিকেল ৩টায় নুর আহমদ সড়কে দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হবে।

একাদশ সংসদ নির্বাচনের পর এটা চট্টগ্রাম বিএনপির প্রথম প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচি। এর আগে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে গত ১৯ জানুয়ারি নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল করে নগর বিএনপি। মহানগর বিএনপির সহ-দপ্তর সম্পাদক ইদ্রিস আলী দেশ রূপান্তরকে বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেলে আমাদের এ সমাবেশ। এতে নগর বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন থানা ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।’