কিংসের সামনে মুক্তিযোদ্ধা

টানা চতুর্থ জয়ের লক্ষ্য নিয়ে আজ গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে স্বাগতিক মুক্তিযোদ্ধা সংসদের মুখোমুখি হবে দারুণ ফর্মে থাকা বসুন্ধরা কিংস। যদিও নিজেদের মাঠে আগের ম্যাচেই শেখ জামালকে বড় ব্যবধানে হারানো মুক্তিযোদ্ধাও জয়ের লক্ষ্য নিয়েই খেলবে আজ।ঢাকার ফুটবলে এর মধ্যেই নবশক্তিতে রূপ নিয়েছে বসুন্ধরা। লিগের প্রথম তিন ম্যাচে একে একে তারা হারিয়েছে শেখ জামাল, বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী এবং নবাগত নোফেলকে। এর মধ্যে শেষ দুটি ম্যাচ তারা খেলেছে নিজেদের ভেন্যু নীলফামারীতে।অন্যদিকে মুক্তিযোদ্ধার লিগের প্রথম চার ম্যাচের দুটিতে জিতেছে এবং হেরেছে বাকি দুটিতে। শেখ জামালের পর তারা গত ম্যাচে হারিয়েছে নোফেলকে। আজ তাই ম্যাচটা মোটেই সহজ হবে না কিংসের জন্য।গোপালগঞ্জের এই স্টেডিয়ামকে তৃতীয়বারের মতো হোম ভেন্যু করেছে মুক্তিযোদ্ধা। শুরুটা ২০১২ সালে। এরপর ২০১৬ সালেও এটি ছিল তাদের হোম ভেন্যু। আর এবার নিজেদের ভেন্যুর সুবিধা কাজে লাগিয়ে সব ম্যাচ জিততে চান মুক্তিযোদ্ধার কোচ আবদুল কাইয়ুম সেন্টু।