নোয়াখালীর কবিরহাটে এবার ধর্ষণচেষ্টাকারীকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে এবং চোখেমুখে মরিচের গুঁড়ো ছিটিয়ে রক্ষা পেয়েছেন এক গৃহবধূ। কবিরহাট থানার পুলিশ ধর্ষণচেষ্টাকারী মো. মানিককে (৩৫) পার্শ্ববর্তী কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটের একটি বেসরকারি হাসপাতাল থেকে গ্রেপ্তার করেছে। মামলার বরাত দিয়ে কবিরহাট থানার ওসি মির্জা মোহাম্মদ হাছান জানান, ওই গৃহবধূর স্বামী চট্টগ্রামে থেকে গাড়ি চালান। পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে গৃহবধূর মনোমালিন্য চলছিল। ধর্ষণচেষ্টাকারী মানিক গৃহবধূকে চাচি বলে ডাকলেও তার স্বামীর সঙ্গে বন্ধুর মতো সম্পর্ক ছিল। বন্ধুর অনুপস্থিতিতেও তাদের বাড়িতে যাতায়াত ছিল মানিকের। গত ১৮ জানুয়ারি একই উপজেলার একটি গ্রামে সিঁদকেটে ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণ করা হয়।