চট্টগ্রামের শাহ আমানত সেতুতে পিকনিকের বাস থেকে দুই লাখ ৪০ হাজার ইয়াবাসহ ৬ জনকে আটক করেছে র্যাব-৭।
শনিবার সকাল সাড়ে ৬টার দিকে কর্ণফুলী শাহ আমানত সেতুর উপর থেকে তাদের আটক করা হয় বলে দেশ রূপান্তরকে জানান র্যাব-৭ এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম।
আটকরা হলেন- মো. আতিয়ার রহমান (৫৫), মো. মাসুদ রানা (৩১), মো. বাবলু (৪৭), মো. ইকবাল হোসেন (৩৭), মো. জুয়েল (৩৯) ও মো. আমিনুর রহমান সুমন (২৩)।
এদের মধ্যে মো. আতিয়ার রহমান, মো. মাসুদ রানা, মো. ইকবাল ও মো. বাবুল ইয়াবাগুলোর মালিক বলে নিশ্চিত করেছে র্যাব।
র্যাব আরও জানায়, আতিয়ার রহমান বাসটির মালিক। তার উদ্যোগে এই পিকনিকের আয়োজন করা হয়।
র্যাব-৭ এর উপঅধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম নগরীতের প্রবেশের সময় বাসটি তল্লাশি করে ২ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি জানান, ৪০ জন যাত্রী নিয়ে বাসটি যশোর থেকে কক্সবাজারের টেকনাফ যায়। সেখানে বাসের সব যাত্রীরা সেন্টমার্টিন গেলেও বাসের সঙ্গে রয়ে যান আতিয়ার রহমান, মাসুদ রানা, মো. বাবলু, ইকবাল হোসেন, বাসের চালক জুয়েল ও আমিনুর রহমান সুমন।
শাফায়াত জামিল ফাহিম বলেন, ‘তারা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে বাসের সিটে লাগেজ রাখার জায়গা কৌশলে ইয়াবা লুকিয়ে রাখে। মূলত পিকনিকের আড়ালে তারা ইয়াবা বিশাল চালানটি দেশের বিভিন্ন স্থানে পাচার করতে চেয়েছিল।’
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ছয়জন ইয়াবা নিয়ে আসার কথা স্বীকার করেছে। বাকিদের যাচাই বাছাই চলছে বলে জানায় র্যাব।