পটুয়াখালীর কলাপাড়ার রাবনাবাদ নদীতে বালুবোঝাই বলগেটের ধাক্কায় ৭ শ্রমিক নিয়ে ইটবোঝাই একটি ট্রলার ডুবে গেছে। কলাপাড়া থেকে গলাচিপা যাওয়ার পথে দেবপুর লঞ্চঘাট সংলগ্ন এলাকায় শুক্রবার রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটেছে।
এ সময় নদীতে মাছ ধরা জেলেরা ৫ শ্রমিককে উদ্ধার করলেও সাইফুল ও নুর ইসলাম নামে দুই শ্রমিক এখনো নিখোঁজ রয়েছে।
উদ্ধার হওয়া শ্রমিকরা জানান, বালুবোঝাই বলগেট ইটবোঝাই ট্রলারটিকে ধাক্কা দিলে ৭ জনসহ ট্রলারটি ডুবে যায়। উদ্ধার হওয়া শ্রমিকরা হলেন মাসুম, তোফাজ্জেল, রাসেল, মানিক ও নাসির। এদের মধ্যে আহত ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নিখোঁজদের উদ্ধারে পটুয়াখালী ও কলাপাড়া ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।
কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল হোসেন জানান, পটুয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক শিকদারের নেতৃত্বে পরিচালিত উদ্ধার অভিযানে সকাল সাড়ে নয়টায় নদীতে নিমজ্জিত ট্রলারটির সন্ধান পাওয়া গেছে। ইট পড়ে ট্রলারের স্টাফ রুমের দরজা আটকে থাকায় উদ্ধার কাজে দেরি হচ্ছে।