ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী বাছাইয়ে এলাকার সাংসদ এবাদুল করিম বুলবুলের বিরুদ্ধে রাজাকার গোলাম আযমের আত্মীয়কে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনীত করার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আওয়ামী লীগের কয়েকজন মনোনয়ন প্রত্যাশী সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা যুবলীগের সভাপতি সিরাজুল ইসলাম ফেরদৌস। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক কাজি জহির উদ্দিন সিদ্দিক টিটু, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক আল-আমিন ও রসুল্লাহবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম খান।লিখিত বক্তব্যে বলা হয়, গত ২৮ জানুয়ারি কৌশলে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা ডাকেন স্থানীয় এমপি এবাদুল করিম বুলবুল। ওই বৈঠকে তৃণমূলের নেতাকর্মীদের কোনো প্রকার মতামত বা ভোট না নিয়ে এমপি সুকৌশলে প্রার্থী বাছাইয়ের সিদ্ধান্তের ক্ষমতা তার পক্ষে নিয়ে নেন। পরবর্তী সময়ে জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ বা তৃণমূলের নেতাকর্মীদের কারও সঙ্গে কোনো প্রকার পরামর্শ বা মতামত না নিয়ে এমপি স্বেচ্ছাচারিতার মাধ্যমে দ্বৈত নাগরিক, স্থানীয় মুক্তিযোদ্ধাদের মাধ্যমে অভিযুক্ত ভুয়া মুক্তিযোদ্ধা, রাজাকার গোলাম আযমের আত্মীয়, গোলাম আযম প্রতিষ্ঠিত মাদ্রাসার সভাপতি হাবিবুর রহমান স্টিফেনকে একক প্রার্থী হিসেবে কেন্দ্রে সুপারিশ পাঠান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী বাছাই বোর্ড বরাবর লিখিত অভিযোগও দেওয়া হয়েছে। উল্লেখ্য, নবীনগরে ভোট হবে তৃতীয় ধাপে।