ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে প্রথম যুব টেস্ট ম্যাচে সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সফরকারীদের বিপক্ষে প্রথম ইনিংসে বড় লিড পায় বাংলাদেশের যুবারা। পরে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ড পড়েছে বড় বিপর্যয়ে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৮৯ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছে ইংল্যান্ড। বাংলাদেশের থেকে এখনো ২৯ রানে পিছিয়ে দলটি। প্রথম ইনিংসে ইংল্যান্ড ২৮০ রান করার পর বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩৯৮ রান করে ইনিংস ঘোষণা করে।
আগের দিনের ৫ উইকেটে ২৬৬ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। অধিনায়ক আকবর আলি ৫৬ রান নিয়ে দিন শুরু করে থেমেছেন ৮২ রানে। শূন্য রানে দিন শুরু করা শাহাদাত হোসেনের ব্যাট থেকে আসে দলীয় সর্বোচ্চ ৮৪ রান।
ইংলিশরা ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায়। আসাদউল্লাহ গালিব ৩টি ও মিজানুর রহমান ২ উইকেট তুলে নেন। ইংলিশদের পক্ষে জর্জ হিল ১২ ও লুকি হলম্যান শূন্য রাতে অপরাজিত রয়েছেন।