সংরক্ষিত আসনে আরও দুই প্রার্থী চূড়ান্ত আ.লীগের

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের আরও দুই প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। তারা হলেন পাবনার নাদিয়া ইয়াসমিন ও নাটোরের রত্না আহমেদ।গতকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এসব প্রার্থী চূড়ান্ত হয়।সভা শেষে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত শুক্রবার ৪১ প্রার্থী চূড়ান্ত করে ক্ষমতাসীন দল।বাংলাদেশের ৩৫০ আসনের সংসদে ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। ৩০০ আসনে সরাসরি ভোট হলেও সংরক্ষিত আসন বণ্টন হয় ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে। আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে এবার আওয়ামী লীগ ৪৩টি, জাতীয় পার্টি ৪টি, বিএনপি ১টি ও ওয়ার্কার্স পার্টি ১টি আসন পাবে।স্বতন্ত্র প্রার্থীরা জোটভুক্ত হয়ে ১টি সংরক্ষিত আসন পেতে পারে। নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ১৭ ফেব্রুয়ারি সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।