রোগীর পেটে ফরসেপস রেখেই অস্ত্রোপচার

ভারতের হায়দরাবাদের একটি হাসপাতালে অস্ত্রোপচারের সময় রোগীর পেটে কাঁচিজাতীয় যন্ত্র ফরসেপস রেখেই সেলাই করেন চিকিৎসকরা। ওই ঘটনার পর তিন মাস রোগীর পেটে ছিল যন্ত্রটি। এরপর গত শুক্রবার এক্স-রের পর ফরসেপস থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।এনডিটিভির খবরে জানানো হয়, তিন মাস আগে হায়দরাবাদের নামি প্রতিষ্ঠান নিজাম’স ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (এনআইএমএস) অস্ত্রোপচার করান ৩৩ বছর বয়সী এক নারী। হাসপাতাল থেকে বাসায় যাওয়ার পর থেকেই নিয়মিত ব্যথা পাওয়ার কথা জানান তিনি। অবশেষে তিন মাস পর শুক্রবার এক্স-রে রিপোর্টে ভুল অস্ত্রোপচারের বিষয়টি ধরা পড়ে। গতকাল শনিবার ফের অস্ত্রোপচার করে যন্ত্রটি বের করা হয়।এ বিষয়ে এনআইএমএসের পরিচালক কে মনোহর এনডিটিভিকে জানান, রোগীই তাদের অগ্রাধিকার। রোগীর স্বাস্থ্যের কথা চিন্তা করে দ্রুত সময়ে যন্ত্রটি বের করা হয়েছে।অস্ত্রোপচারটি করেছিলেন হাসপাতালের সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের একজন শল্যচিকিৎসক। এ ঘটনায় হাসপাতাল কর্র্তৃপক্ষ একটি কমিটি গঠন করেছে।ভুল চিকিৎসার খবর শুনে তদন্তকারী একজন কর্মকর্তাকে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। চিকিৎসায় অবহেলার ঘটনায় মামলা করা হতে পারে। এ ছাড়া ভোক্তা অধিকার আদালত মামলাটির বিষয়ে নজর দিতে পারে।