সরস্বতী পূজার আগের রাতে পাড়ার ক্লাবের অনুষ্ঠান দেখতে গিয়ে খুন হয়েছেন নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দলের এই বিধায়ক যুব তৃণমূল সভাপতিও ছিলেন।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, জেলার হাঁসখালির ফুলবাড়ি এলাকায় পূজার অনুষ্ঠান চলাকালীন দর্শকাসনে বসেছিলেন বিধায়ক। হঠাৎ তার কপালে বন্দুক ঠেকিয়ে গুলি চালানো হয়। উপস্থিত জনতা সত্যজিৎকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লে খুনি পালিয়ে যায়।
খুনিকে এখনও চিহ্নিত করা যায়নি। তৃণমূলের দাবি, বিজেপিই সত্যজিৎকে খুন করিয়েছে। বিশেষ করে এর পেছনে বিজেপি নেতা প্রাক্তন তৃণমূল প্রতিনিধি মুকুল রায়ের হাত রয়েছে বলে তাদের সন্দেহ। মুকুল আবার অভিযোগ অস্বীকার করে তৃণমূলের নিজেদের কলহের দিকে আঙুল তুলেছেন।
গ্রামের পুন্ডারি নামে এক যুবক এলাকাছাড়া। ঘটনার সঙ্গে তার যোগ থাকতে পারে বলে পুলিশের সন্দেহ। গভীর রাতে অভিজিতের বাড়িতে ভাঙচুর চালান স্থানীয়রা। অভিজিতের মা ও ভাইকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে তার রাজনৈতিক পরিচয় এখনও জানা যায়নি।