খাগড়াছড়িতে ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনে সাংবাদিক ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে।
রোববার দুপুরে খাগড়াছড়ির জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোরশেদুল আলমের আদালতে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনে মামলাটি দায়ের করেন।
আদালত মামলাটি গ্রহণ করে ৩ মার্চের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য খাগড়াছড়ি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছে।
মামলার অভিযোগে নুরুল আজম জানান, সাংবাদিক জীতেন বড়ুয়া ও তার স্ত্রী গোপনে ভিডিও ধারণের পর প্রতারণা ও জালিয়াতি করে টাকা আদায় করে আসছে। তারই ধারাবাহিকতায় নুরুল আজমের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে।
বাদীর আইনজীবী অ্যাডভোকেট আবদুল মমিন জানান, সাংবাদিক নুরুল আজম বাদী হয়ে খাগড়াছড়ির জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোরশেদুল আলমের আদালতে মামলা দায়ের করেন।
খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া জানান, তার স্ত্রীর বিব্রতকর ছবি ফেসবুক মেসেঞ্জারে ট্যাগ করায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ১৪ জানুয়ারি গ্রেপ্তার হন খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম। তার মামলা ধামাচাপা দিতে পাল্টা মামলা করা হয়েছে।
১৪ জানুয়ারি খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়ার স্ত্রী সাংবাদিক নুরুল আজমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে ২০ জানুয়ারি আদালত তাকে জামিনে মুক্তি দেন।