ভালোবাসা দিবসকে সামনে রেখে জনপ্রিয় ইউটিউব তারকা সালমান মুক্তাদির প্রকাশ করেছেন মিউজিক ভিডিও ‘অভদ্র প্রেম’। ৯ ফেব্রুয়ারি ‘সালমান দ্য ব্রাউন ফিশ’ ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ভিডিওটি।
সালমানের গানটি মুক্তি পাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেটে চলছে তীব্র সমালোচনা। গানটির বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ দিয়ে ফেসবুকে চলছে তর্ক-বিতর্কও।
এদিকে গানটিতে চার লাখেরও বেশি ভিউ হয়েছে। গানটি যে দর্শকদের মনে ধরেনি তা বোঝা যায় সেটিতে পড়া লাইক-ডিসলাইকের সংখ্যা দেখে। ইউটিউবে গানটিতে লাইক দিয়েছেন ২১ হাজারের বেশি দর্শক। বিপরীতে ডিসলাইক পড়েছে ৯৫ হাজার। শুধু ডিসলাইকই নয়, গানটি প্রকাশের পর থেকে ‘সালমান দ্য ব্রাউন ফিশ’ চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যাও কমেছে। গতকাল থেকে চ্যানেলটিতে সাবস্ক্রাইবার কমেছে এক লাখেরও বেশি।