গাজীপুরে সমাজকল্যাণমন্ত্রী

সরকারি চাকরিতে প্রতিবন্ধী কোটা বহাল রয়েছে

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, ‘সরকারি চাকরিতে প্রতিবন্ধী কোটা বহাল রয়েছে। বর্তমান সরকার প্রতিবন্ধীদের ভাতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।’ গতকাল রবিবার দুপুরে গাজীপুরের টঙ্গীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী প্রতিবন্ধীদের ব্যাপারে খুবই সহানুভূতিশীল। তিনি তাদের উন্নয়নে আরও নানামুখী পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছেন।’ অনুষ্ঠানে ১০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জুয়েনা আজিজ, গাজীপুর সমাজসেবা বিভাগের উপপরিচালক আনোয়ারুল করিমসহ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।