ঢাকার সাভার পৌর এলাকার রাজাশন মহল্লায় অভিযান চালিয়ে মানিক মোল্লা নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। এ সময় তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি গুলি ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।গত রবিবার রাত সাড়ে ৮টার দিকে র্যাব-৪-এর একটি দল পশ্চিম রাজাশন (আমতলা) এলাকার মারুফ খন্দকারের বাড়ির পাশের ফাঁকা জমি থেকে তাকে আটক করে।আটক মানিক মোল্লা (২৯) রাজবাড়ী জেলার সদর থানা এলাকার মজলিসপুর গ্রামের বাসিন্দা। মানিক মোল্লা রাজাশন, ডেল্টার মোড় মহল্লার একটি বাড়িতে ভাড়া থেকে অবৈধ অস্ত্র কেনাবেচার কাজ করে আসছিলেন বলে জানিয়েছে র্যাব।র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আতিকুল হকের নেতৃত্বে র্যাবের একটি দল অভিযান চালিয়ে সন্ত্রাসী মানিক মোল্লাকে আটক করে।র্যাব-৪ নবীনগর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আতিকুল হক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানিক মোল্লা দীর্ঘদিন ধরে এলাকায় ছিনতাই, প্রতারণা এবং অবৈধভাবে প্রাচীন মুদ্রার ব্যবসাসহ অস্ত্র ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মামলা দায়ের করে তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।