শেখ হাসিনাকে দুই প্রধানমন্ত্রীর অভিনন্দন

চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় শেখ হাসিনাকে মালয়েশিয়া ও আর্মেনিয়ার প্রধানমন্ত্রীসহ বিশ্বের অন্য নেতারা আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডা. মাহাথির মোহাম্মদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো তার বার্তায় বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নিযুক্ত হওয়ায় আমি আপনাকে আমার উষ্ণ ও আন্তরিক অভিনন্দন জানাই।’ ডা. মাহাথির আরও বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার নিরঙ্কুশ বিজয় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অবদানের জন্য আপনার প্রতি বাংলাদেশের মানুষের সমর্থনের প্রতিফলন।’

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, দুই দেশ পারস্পরিক কল্যাণে অংশীদারিত্ব এবং বর্তমান সম্পর্ককে আরও অধিক উচ্চতায় নিয়ে যেতে সহযোগিতা অব্যাহত রাখবে।

আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান তার বার্তায় বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদে পুনরায় আসীন হওয়া উপলক্ষে আমি আপনাকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। আমি আস্থাবান যে, আপনার দায়িত্ব পালন মেয়াদে আর্মেনিয়া ও বাংলাদেশের মধ্যে সদিচ্ছা, পারস্পরিক আস্থা ও বন্ধুত্বের ভিত্তিতে প্রতিষ্ঠিত বর্তমান সম্পর্ক আমাদের দুদেশের জনগণের কল্যাণে আরও বিস্তৃত ও জোরদার হবে।’