এক যুগ পর পুনর্মূল্যায়ন হচ্ছে সিলেট নগরীর হোল্ডিং ট্যাক্স

দীর্ঘ প্রায় ১৩ বছর পর সিলেট নগরীর হোল্ডিং ট্যাক্স পুনর্মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এই দীর্ঘ সময়ে নগরীর বাসাবাড়ি, দোকানপাটের ভাড়া অনেক বৃদ্ধি পেলেও মালিকরা হোল্ডিং ট্যাক্স দিয়েছেন আগের হিসাবমতো। এ কারণে সিটি করপোরেশন বাড়তি আয় থেকে বঞ্চিত হয়েছে। এ অবস্থায় করপোরেশন কর্তৃপক্ষ হোল্ডিং ট্যাক্স পুনর্মূল্যায়ন (রি-অ্যাসেসমেন্ট) কাজ শুরু করেছে। গতকাল সোমবার সিটি মেয়র আরিফুল হক চৌধুরী তার নিজের বাড়ির হোল্ডিং ট্যাক্স পুনর্মূল্যায়ন ফরম গ্রহণের মধ্য দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেছেন। এ সময় মেয়র বলেন, ‘অতীতে হোল্ডিং ট্যাক্স নিয়ে ভোটের রাজনীতি হয়েছে। করপোরেশনের নিজস্ব আয়ের এই বড় খাতটি গোঁজামিলে চলছে। এবার এ খাতে স্বচ্ছতা আনা হবে। বাসাবাড়ির মালিকরা করপোরেশনকে ন্যায্য ট্যাক্স যথাযথভাবে পরিশোধ করবেন। এতে নগরীর উন্নয়নও ত্বরান্বিত হবে।’ তিনি হোল্ডিং ট্যাক্স পুনর্মূল্যায়ন কাজে কোনো গাফিলতি-অনিয়ম সহ্য করা হবে না বলেও উল্লেখ করেন।

সিটি করপোরেশন সূত্র জানায়, গতকাল থেকে নগরীর ১, ২, ৪, ১৫, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডে ৬টি টিমের সমন্বয়ে নতুন এবং পুরনো বাসাবাড়ির বিবরণ, জমির পরিমাণসহ বিস্তারিত বিবরণ প্রেরণের জন্য রি-অ্যাসেসমেন্ট ফরম বিতরণ শুরু হয়েছে। মালিকরা ফরম পাওয়ার পর তা পূরণ করে ৭ দিনের মধ্যে নগর ভবনের অ্যাসেসমেন্ট শাখায় জমা দেবেন। এ কার্যক্রম পর্যায়ক্রমে নগরীর ২৭টি ওয়ার্ডে চলবে।