বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দীন আহমদ বলেছেন, ভোট চুরির মোক্ষম সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচন দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনের মতো এবার শিক্ষার্থীদের ভোটাধিকার কাড়তে ডাকসু নির্বাচনেরব্যবস্থা করা হয়েছে।’ গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবে খালেদা জিয়াসহ সব রাজনৈতিক বন্দির মুক্তি দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি। ‘নাগরিক অধিকার আন্দোলন ফোরাম’ নামে একটি সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।মেজর হাফিজ বলেন, ‘সদ্য জাতীয় সংসদ নির্বাচনে নাগরিকের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। বিএনপি প্রার্থীদের প্রচার ও ভোটের মাঠে নামতে দেওয়া হয়নি। ভোটের আগের দিন জাল ভোট দিয়ে ব্যালট ভরা হয়েছে। বর্তমান সরকার সম্পূর্ণ বেআইনিভাবে ক্ষমতায় এসেছে।’
ডাকসু নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘গত ২৮ বছর ধরে ডাকসু নির্বাচন হয়নি। তড়িঘড়ি করে ভোট চুরির মোক্ষম সময় হিসেবে এখন ব্যবস্থা করা হয়েছে। জাতীয় নির্বাচনের মতো এই নির্বাচনেও শিক্ষার্থীদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হবে।’নাগরিক অধিকার আন্দোলন ফোরামের উপদেষ্টা সাঈদ আহমেদ আসলাম প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন। এতে অন্যদের মধ্যে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহ এবং বিএনপি নেতা মোশাররফ হোসেন বক্তব্য দেন।