রুটের শতকে ভালো অবস্থানে ইংল্যান্ড

অধিনায়ক জো রুটের শতক, জো ডেনলি ও বাটলারের অর্ধশতকে সেন্ট লুসিয়া টেস্টের দ্বিতীয় ইনিংসে বড় সংগ্রহের দিকে এগুচ্ছে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজকে বড় লক্ষ্য দিতে যাচ্ছে দলটি।

ড্যারেন সামি স্টেডিয়ামে ৪ উইকেটে ৩২৫ রান নিয়ে সোমবারের খেলা শেষ করে ইংলিশরা। ১১১ রানে অপরাজিত আছেন রুট; ২৯ রান নিয়ে ব্যাট করছেন বেন স্টোকস। প্রথম ইনিংসে ১২৩ রানে এগিয়ে থাকায় এরই মধ্যে ইংল্যান্ডের লিড দাঁড়িয়েছে ৪৪৮ রান।

১৯ রান নিয়ে দিনের খেলা শুরু করা ইংল্যান্ড প্রথম উইকেট হারায় কোনো রান যোগ না করেই। দ্বিতীয় উইকেট জুটিতে কিটন জেনিংস ও ডেনলির নৈপুণ্যে শুরুর ধাক্কা কাটিয়ে ওঠে অতিথি দল।

দলীয় ৭৩ রানে এই জুটিতে ফাটল ধরান আলজারি জোসেফ। ধৈর্যের পরিচয় দিয়ে ফিরেন জেনিংস; ৯৯ বলে করেন ২৩ রান। উইকেটে আসেন রুট। ডেনলির সঙ্গে গড়েন ৭৪ রানের এক জুটি।

দলীয় ১৪৭ রানে শ্যানন গাব্রিয়েলের বলে কট বিহাইন্ড হন ডেনলি। এর আগে ৯৯ বলে ১১ চারে করে ৬৯ রান।

অবিচল থাকেন চার নম্বরে নামা রুট। পঞ্চম উইকেট জুটিতে বাটলারের সঙ্গে গড়েন ১০৭ রানের কার্যকরী এক জুটি। ভয়ের কারণ হয়ে দাঁড়ানো এই জুটিকে দলীয় ২৫৪ রানে থামান কেমার রোচ। উইকেট ছাড়া হন ১১৫ বলে পাঁচ চারে ৫৬ রান করা বাটলার।

রুট ও স্টোকসের দৃঢ়তায় দিনের বাকি সময়ে আর কোনো উইকেট হারায়নি ইংল্যান্ড। পঞ্চম উইকেট জুটিতে এরই মধ্যে এসেছে ৭১ রান।

ক্যারিবীয় বোলারদের মধ্যে একটি করে উইকেট নেন রোচ, গাব্রিয়েল, কিমো পল ও জোসেফ।

প্রথম দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টেস্ট সিরিজটি এরই মধ্যে নিজেদের করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।