পিডিবি সিবিএ সভাপতির দখলে থাকা গাড়ি উদ্ধার

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন মিয়ার দখলে থাকা একটি সরকারি গাড়ি উদ্ধারের এক দিনের মাথায় এবার সংগঠনটির সাবেক সভাপতির দখলে থাকা আরও একটি সরকারি গাড়ি উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুপুরে মতিঝিলে পিডিবির প্রধান কার্যালয় থেকে সিবিএ’র সাবেক সভাপতি জহিরুল ইসলাম চৌধুরীর দখলে থাকা পাজেরো গাড়িটি উদ্ধার করে দুদকের একটি দল। পিডিবির সাবেক কর্মচারী জহিরুল ইসলাম জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি।

জহিরুল ইসলাম ২০১৮ সালের ৬ জুন পিডিবি থেকে অবসরে গেছেন। তিনি সংস্থাটির অডিট পরিদপ্তরের সহকারী হিসাবরক্ষক পদে কর্মরত ছিলেন। দুদকের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য বলেন, ‘জহিরুল ইসলামের দখলে থাকা পাজেরো গাড়িটির নম্বর সিলেট ঘ-০২-০০৩৩। তিনি অবৈধভাবে নয় বছর ধরে গাড়িটি ব্যবহার করছিলেন। ক্ষমতার প্রভাব দেখিয়ে তার কাছে রাখা পাজেরো গাড়িটি জব্দ করে দুদক।’

দুদক সচিব দেলোয়ার বখত দেশ রূপান্তরকে বলেন, ‘সিবিএ নেতারা প্রাধিকার না থাকার পরও কীভাবে গাড়ি ব্যবহার করেছেন এবং তারা রাষ্ট্রের কী পরিমাণ আর্থিক ক্ষতি করেছেন সেটা নিরূপণ করা হচ্ছে।