নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। কিন্তু ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়েছে অতিথি দল।
১৮ ওভার শেষে বাংলাদেশে দলের রান ৫ উইকেটে ৭২। ৪২ রানেই টপ-অর্ডারের চার ব্যাটসম্যানকে হারায় টাইগাররা। এর মধ্যে তিন নম্বরে নামা সৌম্য সরকার ছাড়া বাকি তিনজনের কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি।
দলীয় ৫ রানেই ট্রেন্ট বোল্টের বলে কটবিহাইন্ড হন ওপেনার তামিম ইকবাল (৫)। দলীয় ১৯ রানে ম্যাট হেনরির বলে বোল্ড হন আট বলে মাত্র ১ রান করা লিটন দাস। মুশফিকুর রহিমকে নিয়ে বিপর্যয় কাটিয়ে তোলার চেষ্টা করেন সৌম্য সরকার। কিন্তু বেশি দূর এগুতে পারেনি এই জুটি।
দলীয় ৪২ রানেই বোল্টের করা অষ্টম ওভারের শেষ বলে বোল্ট হয়ে ফেরেন ১৪ বলে ৫ রান করা মুশফিক। হেনরির করা পরের ওভারের দ্বিতীয় বলে উইকেট ছাড়া হন সৌম্য। প্যাভিলিয়নের পথ ধরার আগে ২২ বলে পাঁচ চার ও এক ছক্কায় ৩০ রান করেন তিনি।
দলীয় ৭১ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। লকি ফার্গুসনের বলে রস টেইলরের হাতে ধরা পরেন ২৯ বলে ১৩ রান করা মাহমুদউল্লাহ।
বাংলাদেশ একাদশের বাকি সদস্যরা হলেন- মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফী বিন মোর্ত্তজা ও মুস্তাফিজুর রহমান।
১৬ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চে হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ও ২০ ফেব্রুয়ারি হবে তৃতীয় ও শেষ ওয়ানডে। ২৮ ফেব্রুয়ারি হ্যামিল্টনে শুরু হবে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।