মধুর ক্যান্টিনে ছাত্রলীগ-ছাত্রদল, নেতাদের কোলাকুলি

দীর্ঘ ১০ বছর পর বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদল নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এসেছেন। এসময় ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন তাদের সঙ্গে কোলাকুলি করেন।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাবি ছাত্রদল সভাপতি মেহেদী তালুকদার এবং সাধারণ সম্পাদক বাশার সিদ্দিকীর নেতৃত্বে ছাত্রদলের ১০/১৫ জন মধুর ক্যান্টিনে আসেন।

এসময় মধুর ক্যান্টিনে ছাত্রলীগের পাশের টেবিলে ছাত্রদলের নেতাকর্মীরা বসেন।

আগে থেকেই মধুর ক্যান্টিনে অবস্থান নেওয়া ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দীর সঙ্গেও তারা কুশল বিনিময় করেন।

কেন্দ্রীয় ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া, সহ-সম্পাদক মামুন খান, ঢাবি ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন নাছির প্রমুখ উপস্থিত আছেন।

প্রসঙ্গত, আগামী ১১ মার্চ দীর্ঘ ২৮ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের আগে ক্যাম্পাসে ছাত্রসংগঠনগুলোর সহ-অবস্থান নিশ্চিতের দাবি উঠেছে। এরই মধ্যে মধুর ক্যান্টিনে গেলেন ছাত্রদল নেতারা।