ভালোবাসা দিবস উপলক্ষে নতুন গান নিয়ে এলেন এনামুল করিম নির্ঝর। তার কথা-সুরে গান ও আবৃত্তিতে প্রকাশ হতে যাচ্ছে একটি বিশেষ গান।
অটমনাল মুনের সংগীতায়োজনে ‘ক্লান্ত কথার পিঠে’ শিরোনামের গানটিতে প্রথমবারের মতো একসঙ্গে কণ্ঠ মিলিয়েছেন শিমুল মুস্তাফা ও প্রিয়াংকা গোপ।
গানশালা প্রযোজিত ‘ক্লান্ত কথার পিঠে’ ভিডিওতেও অংশ নিয়েছেন তারা দু’জন। এর ভিডিওটির নির্মাণ সমন্বয় করেছেন অনন্তি সিরাজুম।
গানটি প্রসঙ্গে এনামুল করিম নির্ঝর বলেন, ‘যেহেতু চেষ্টা করছি সব সময় নতুন কিছু করার, তাতেই আরেকটি মাত্রা যুক্ত করা। এবার বাচিক শিল্পী, গানের মানুষ এক হলেন, এমন একটা দিবসে গানটা মুক্তি পাচ্ছে যেদিন ভালোবাসা দিবস, অনেক আবেগ।’
সঙ্গে যোগ করেন, ‘গানটি নির্মাণেও কয়েকটি প্রজন্ম যুক্ত আছে। সবগুলো মানুষকে এক করে কিছু একটা করা। কন্টেন্টটা কী তার চেয়ে আমার কাছে গুরুত্বপূর্ণ হলো এর প্রক্রিয়াটা। সে প্রক্রিয়া হিসেবে আরেকটা নতুন কিছু করার চেষ্টা করলাম। তার প্রথম ফল হলো এটি।’
নির্ঝর বলেন, ‘গানটি এমনভাবে নির্মাণ করা হয়েছে, যার ভেতরে কিছু অংশ ছিলো সুর করা কিছু অংশ ছিলো বয়ান। বয়ান ও সুরের সমন্বয়ে গানটি তৈরি করা হয়েছে।
১৪ ফেব্রুয়ারি এক নির্ঝর কোলাবরেশন্সের (ই কে এন সি) ইউটিউব চ্যানেলে প্রকাশ পাছে গানটি।