রাজধানীতে বাসায় নটর ডেম ছাত্রের হাত-পা বাঁধা লাশ

রাজধানীর সবুজবাগ কদমতলার একটি বাসা থেকে নটর ডেম কলেজের এক ছাত্রের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। ইয়োগেন হেনছি গোন সালভেজ (২৩) ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। গত মঙ্গলবার গভীর রাতে কদমতলা ৯ নম্বর লেনের বাসার নিচতলায় তার লাশ পাওয়া যায়। গতকাল বুধবার সকালে ময়নাতদন্তের জন্য পুলিশ লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায়। ইয়োগেন চট্টগ্রাম কোতোয়ালির পাথরঘাটা এলাকার ম্যাকলিন গোন সালভেজের ছেলে। তিনি পুরান ঢাকার নারিন্দা এলাকায় একটি ভাড়াবাসায় খালাতো বোন শিপ্রার (৪০) সঙ্গে

থাকতেন। সবুজবাগ থানার ওসি আবদুল কুদ্দুস ফকির দেশ রূপান্তরকে বলেন, ‘গত মঙ্গলবার রাতে খবর পেয়ে কদমতলার ওই বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। ইয়োগেনের পেটে সাত ও পিঠে চারটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হাত-পা কাপড় দিয়ে বাঁধা ছিল।’