বরুসিয়াকে উড়িয়ে কোয়ার্টার-ফাইনালে এক পা টটেনহ্যামের

দ্বিতীয়ার্ধের দুর্দান্ত নৈপুণ্যে বরুসিয়া ডর্টমুন্ডকে স্রেফ উড়িয়ে দিল টটেনহ্যাম হটস্পার। বড় জয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের পথে অনেকটা এগিয়ে গেল ছন্দে থাকা দলটি।

ওয়েম্বলি স্টেডিয়ামে বুধবার রাতে ইউরোপ সেরা প্রতিযোগিতাটির শেষ ষোলোর প্রথম লেগে জার্মান ক্লাবটিকে ৩-০ গোলে হারায় টটেনহ্যাম। সব ধরনের প্রতিযোগিতায় এটা দলটির টানা চতুর্থ জয়।

নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে আধিপত্য দেখালেও প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি টটেনহ্যাম। তবে দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের আর দমিয়ে রাখতে পারেননি ডর্টমুন্ড।

বিরতি থেকে ফেরার দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় টটেনহ্যাম। ইয়ান ভেরতোগেনের ক্রসে ডি-বক্সের মাঝামাঝি থেকে গোল করেন দক্ষিণ কোরিয়ান উইঙ্গার সন হিউং-মিন। শেষ দিকে তিন মিনিটের ব্যবধানে আরও দুটি গোল পায় টটেনহ্যাম।

৮৩তম মিনিটে আইভরি কোস্টের রাইট-ব্যাক সের্গি অরির ক্রসে খুব কাছ থেকে শটে গোল করেন ভেরতোগেন। তিন মিনিট পরই অতিথিদের কফিনে শেষ পেরেক ঠুকেন স্প্যানিশ স্ট্রাইকার ফের্নান্দো লরেন্তে। ক্রিস্তিয়ান এরিকসেনের কর্নার পাসে ছোট ডি-বক্সের মাঝামাঝি থেকে হেডে জাল খুঁজে নেন স্প্যানিশ এই স্ট্রাইকার।

আগামী ৫ মার্চ ডুর্টমুন্ডের মাঠে হবে দল দুটির ফিরতি লেগের লড়াই।

শেষ ষোলোয় দিনের অপর ম্যাচে আয়াক্স আমস্টার্মের মাঠে ২-১ গোলের রোমাঞ্চকর জয় পায় রিয়াল মাদ্রিদ।