দ্বিতীয় বিয়ে করায় প্রকাশ্যে স্ত্রীর ধোলাইয়ের শিকার বিজেপি এমপি

লুকিয়ে দ্বিতীয় বিয়ে করায় জনসম্মুখে স্ত্রীর হাতে মার খেলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক এমপি। মহারাষ্ট্র বিধানসভার এ এমপি আট বছর আগে প্রথম বিয়ে করেছিলেন, তাদের দুইটি সন্তানও আছে।

টাইমস অব ইন্ডিয়া জানায়, রাজু নারায়ণ টোডসাম নামে বিজেপির এ প্রতিনিধি সম্প্রতি আবার বিয়ে করেন। এতে তার স্ত্রী অর্চনা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তার অনুমতি না নেওয়ায় বিয়ে করায় প্রকাশ্যে দলীয় নেতা ও কর্মীদের সামনে স্বামীকে মারধর করেন অর্চনা।

রাজুর বিয়ের সংবাদ পেয়েই দলীয় অফিসে হাজির হন অর্চনা, সঙ্গে ছিলেন তার মাও। অফিসেই ছিলেন রাজু ও তার দ্বিতীয় স্ত্রী প্রিয়া।

এ সময় অর্চনা ও প্রিয়ার মধ্যে ধস্তাধস্তি ও চুলোচুলি লেগে যায়। এতে দ্বিতীয় স্ত্রীকে বাঁচাতে এগিয়ে আসেন বিধায়ক। তখন সবার সামনেই স্বামীর ওপরে ঘুষি, কিল, থাপ্পড় চালান অর্চনা।