বিজিবির গুলিতে ৩ জন নিহতের ঘটনায় মানববন্ধনে শাস্তি দাবি

ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলার বহরমপুর গ্রামে বিজিবি’র গুলিতে শিশুসহ নিরীহ ৩ জন নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে দায়ীদের শাস্তি দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে শহরের চৌরাস্তায়  ‘সচেতন নাগরিক’ এর ব্যানারে আয়োজিত ঘণ্টা ব্যাপী এই মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা এ দাবি জানান।

প্রতিবাদ সভায় ভক্তরা সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। এ ছাড়া নিহতের পরিবারকে ক্ষতিপূরণ ও গুলিবিদ্ধ আহতদের সুচিকিৎসার দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য দেন সচেতন নাগরিক সমাজের সংগঠক মাহমুদুর রহমান প্রিন্স, মাসুদ আহমেদ সুবর্ণ, প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, উদীচী শিল্পী গোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক এমএস রাজু, অ্যাডভোকেট সায়েম, সাংবাদিক আবু তোরাব মানিক প্রমুখ। মানববন্ধনে ছাত্র, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

উল্লেখ্য, ঠাকুরগাঁওয়ের হরিপুরে গরু জব্দ করা নিয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে শিশুসহ তিন পথচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বকুয়া ইউনিয়নের বহরমপুর গ্রামের এ ঘটনায় বিজিবির পাঁচ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।