বান্দরবানের থানচি উপজেলা থেকে অপহৃত ব্যবসায়ী ও তার সহযোগীর মুক্তিপণ হিসেবে ১৫ লাখ টাকা দাবি করেছে দুর্বৃত্তরা। অপহৃত ব্যবসায়ী আবু তাহেরের ছেলের বন্ধু উক্যচিং মারমার মোবাইলে কল করে এই টাকা দাবি করা হয়েছে। বৃহস্পতিবার এ খবর জানিয়েছেন বলিবাজারের চাষি উক্যচিং মারমা।
আবু তাহেরের ছেলে আবু তালেব জানান, ‘আমার বন্ধু উক্যচিংকে ফোন করে তারা টাকা চেয়েছে। আমরা বিষয়টা পুলিশকে জানিয়েছি।’
থানচি থানার ওসি তদন্ত মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, ‘মুক্তিপণ চাওয়ার বিষয়টা তাহেরের পরিবারের লোকজন আমাদের জানিয়েছে। তবে মুক্তিপণ ছাড়াই তাদের উদ্ধারের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
গত ১০ ফেব্রুয়ারি বলিবাজার বিজিবি ব্যাটালিয়ন থেকে ৫শ’ গজ দূরে তামাক চুল্লিতে কাজ করতে গেলে অস্ত্রের মুখে ব্যবসায়ী আবু তাহেরকে ধরে নিয়ে যায় সন্ত্রাসীরা। তাঁকে রক্ষা করতে গেলে তামাক খেতের কর্মচারী সুমন মারমাকেও ধরে নিয়ে যায় তারা।