আবারো সেন্টমার্টিনসের মালিকানা দাবি মিয়ানমারের

বাংলাদেশের সেন্টমার্টিনসকে আবারো নিজেদের বলে দাবি করেছে মিযানমার। বাংলাদেশের সমুদ্রের কিছু অংশ মিয়ানমার তার মানচিত্রে দেখিয়েছে। 
এর তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। 
বৃহস্পতিবার দক্ষিণ এশিয়া অণু বিভাগের মহাপরিচালক এম দেলোয়ার হোসেন মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত অং খোয়াকে তলব করে এ বিষয়ে একটি প্রতিবাদপত্র হস্তান্তর করেন।
প্রতিবাদপত্রে বলা হয়, মিয়ানমারের একটি সরকারি ওয়েবসাইটে যে মানচিত্রের ছবি ব্যবহার করা হয়েছে তাতে বাংলাদেশের সমুদ্রসীমার কিছু অংশ রয়েছে। বাংলাদেশ এর তীব্র প্রতিবাদ জানায় এবং অবিলম্বে এই মানচিত্র সংশোধনের জন্য দেশটিকে আহ্বান জানায়।
দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, আমরা মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করলে তিনি একমত হয়েছেন যে এটি ঘটার কারণ ছিল না, তারা তাদের ভুল স্বীকার করেছে। মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত এখান থেকেই তার দেশে যোগাযোগ করেছেন। 
শুক্রবারের মধ্যেই মিয়ানমার মানচিত্রের ভুল ঠিক করে দেবে বলে দেলোয়ার হোসেন জানান। 
এর আগে গত বছরের ৬ অক্টোবর মিয়ানমার তাদের একটি সরকারি ওয়েবসাইটে সেন্টমার্টিনসকে তাদের বলে দাবি করে। পরে বাংলাদেশের চাপের মুখে তখন তারা সেটি সংশোধন করে।