প্রেসক্লাবে স্বতন্ত্র ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন

আমাদের বাপ হারা সন্তানের মতো মূল্যায়ন করে: হিরো আলম

স্বতন্ত্র ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম (হিরো আলম) বলেছেন, আমরা যদি কোন দলের হয়ে নির্বাচন করতাম তাহলে সবাই মূল্যায়ন করতো । কোন দলে নেই  বলে কেউ মূল্যায়ন করে না। তিনি বলেন, সামনে যে নির্বাচন গুলো আছে, সেগুলো তে আমরা সাহস করে যে দাঁড়াবো কিন্তু সবাই আমাদের বাপ হারা সন্তানের মত মূল্যায়ন করে।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে স্বতন্ত্র ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাস্তবতার প্রেক্ষিতে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হিরো আলম বলেন, কোন দলেরে হয়ে নির্বাচনে দাঁড়ালে সবাই মান দেয় যে  কোন দলের লোক আওয়ামী লীগের, কোন দলের  বিএনপি'র, লাঙ্গলের, জামাতের, দল আছে বলে সাপোর্ট আছে কিন্তু আমাদের কোন কিছুর সাপোর্ট নাই। আমাদের কোন মূল্যই করতেছে না কেউ।

তিনি আরও বলেন, আমরাই  বর্তমানে বিরোধী দল মন্তব্য করে হিরো আলম বলেন, আমরা যে নির্বাচনে দাঁড়াব, নির্বাচন সুষ্ঠু হবে তা কিন্তু শিওর না । কারণ বর্তমান দেশে বিরোধী দল নেই। আমরা স্বতন্ত্ররাই বিরোধী দল। আমরা যেহেতু বিরোধী দল সেহেতু ভোটকেন্দ্রে জনগণ যেতে পারছে কিনা, প্রচার করতে পারছে কিনা, সুষ্ঠু ভোট হচ্ছে কিনা,সেদিকে খেয়াল আমাদের রাখতে হবে। অন্য কেউ কিন্তু রাখবে না।

এ সময় প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচন গুলোতে সুষ্ঠু করার একটি ব্যবস্থা করুন। যাতে জনগণ বলতে না পারে, রাত বারোটার আগেই ভোট শেষ, ব্যালট বাক্স ছিনতাই ,ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হয় নাই। হুমকি দেওয়া হচ্ছে । এগুলো যেন কেউ না বলতে পারে।

তিনি বলেন, মানুষ চিরকাল বেঁচে থাকে না। জন্মগ্রহণ করলে মৃত্যুবরণ করতে হবে। বর্তমান যারা সরকারে আছে তারাও একদিন থাকবে না। তখন এই দেশ কে চালাবে ? তাই এই দেশ চালানোর জন্য স্বতন্ত্র বা নতুন রাজনৈতিক দল গড়ার সুযোগ দিতে দিন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন স্বতন্ত্র ঐক্য পরিষদের আহ্বায়ক পাঠান আজাহার মহম্মদ প্রিন্স, সভাপতি আলহাজ্ব মো. আব্দুর রহিম প্রমুখ।